ছবি: সংগৃহীত

চট্টগ্রামে রাস্তায় গুলি ছুড়তে ছুড়তে হাঁটছেন যুবক, ভিডিও ভাইরাল

Share

চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সকালের দিকে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়, যাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কের দিকে এগিয়ে এসে পথচারীদের পাশ দিয়ে হেঁটে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর সড়ক ধরে এগোতে এগোতে আবারও পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায় তাঁকে।

স্থানীয়দের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় রয়েছে। গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে, তবে এ বিষয়ে মন্তব্য জানতে তাঁকে ফোন করা হলেও সাড়া মেলেনি। তদন্তের স্বার্থে পুলিশও কারও নাম প্রকাশ করতে রাজি হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি, তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিস্তারিত এখনই জানানো সম্ভব নয় বলে তিনি জানান।