নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার গভীর রাতে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওই এলাকার একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গতকাল দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী আজ সোমবার জানান, সজীবের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে।
সূত্রমতে, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ ওঠে সজীবের বিরুদ্ধে। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এছাড়া সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন কারখানা থেকে নিয়মিত চাঁদা নেওয়া এবং চাহিদামতো টাকা না পেলে পণ্যবাহী গাড়ি আটকে রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সজীব নিজে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। হেফাজতে নেওয়ার পর সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এই বহিষ্কার।