ছবি: এএফপি

বিশ্বকাপে ক্লোসার রেকর্ড ভেঙে মেসির ইতিহাস, জার্মান কিংবদন্তির স্বীকৃতি: ‘মেসিই সর্বকালের সেরা’

Share

তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টাইন অধিনায়ক টপকে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে ২৮ ম্যাচে মোট ১৮ গোল করে মেসি এখন একক রেকর্ডধারী।

চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ গোল করে গত ১২ বছর ধরে এই রেকর্ড আঁকড়ে ছিলেন ক্লোসা। অস্ট্রিয়া ম্যাচের আগ পর্যন্ত দুজনে যৌথভাবে শীর্ষে ছিলেন। সোমবার রাতে মেসির জোড়া গোলে সেই সমতা ভেঙে যায়।

রেকর্ড হারানোর পর জার্মান সংবাদমাধ্যম ডয়েচে জেইতাংকে ক্লোসা বলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। অভিনন্দন চ্যাম্পিয়ন!’ বর্তমানে জার্মান দ্বিতীয় বিভাগের ক্লাব নুরেমবার্গের কোচের দায়িত্বে থাকা ৪৮ বছর বয়সী ক্লোসা ২০১৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ক্লোসা বিশ্বকাপে ১৭৯৩ মিনিটে ৬৬টি শটে ১৬ গোল করেছেন, যেখানে তার গোল রূপান্তরের হার ছিল ২৪ শতাংশ। মেসি ২৪৮৪ মিনিটে ১১৮টি শটে ১৮ গোল পেয়েছেন, রূপান্তরের হার ১৫ শতাংশ। তবে গুরুত্বপূর্ণ পার্থক্য এটাই যে ক্লোসা খেলেছিলেন নিখাদ স্ট্রাইকার হিসেবে, আর মেসি এই রেকর্ড গড়েছেন মূলত প্লে-মেকারের ভূমিকায়।

এখন পর্যন্ত বিশ্বকাপে কমপক্ষে ১০ গোল করা মাত্র ১৬ জন খেলোয়াড়ের মধ্যে এই আসরে খেলছেন তিনজন — মেসি (১৮), ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (১৫) এবং ইংল্যান্ডের হ্যারি কেইন (১০)। মাত্র ২৭ বছর বয়সী এমবাপ্পের সামনে ভবিষ্যতে মেসির এই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।