ছবি : সংগৃহীত

বিদেশে আটকা ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র, তেল রপ্তানিতেও মিলল ছাড়

Share

বিদেশে আটকে থাকা ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। সুইজারল্যান্ডে দীর্ঘ আলোচনার পর এ সমঝোতার কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ আগস্ট পর্যন্ত ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের কাজ করার সুযোগ দিতে ইরান সম্মত হওয়াই এ সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছে ওয়াশিংটন। প্রায় ১৮ ঘণ্টার টানা আলোচনার পর দুই দেশ এই অগ্রগতিতে পৌঁছায়। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কাতার ও পাকিস্তান।

তবে অর্থ ব্যবহার নিয়ে দুই দেশের বক্তব্যে ভিন্নতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ছাড় করা অর্থ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার কাজে ব্যবহার হবে। এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ কীভাবে ব্যয় হবে সে সিদ্ধান্ত ইরান নিজেই নেবে এবং যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনতে ইরানকে বাধ্য করা যাবে না।

সূত্র: আলজাজিরা