পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টিআর-কাবিখা-কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগে আলোচিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাবুল চন্দ্র রায় নিজ কার্যালয়ে বসে ক্যালকুলেটরে হিসাব কষে ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতিদের কাছে ১৫ শতাংশ ঘুষ দাবি করছেন এবং বলছেন, ‘১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার আসে।’ ভিডিওটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষ তৎপর হয়।
প্রজ্ঞাপনে বাবুল চন্দ্র রায়কে আগামীকাল বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) কাজী মো. বদরুজ্জামানকে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা ঘটনা তদন্তে আসবেন।