ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোলে ফিরলেন রোনালদো, মেসিকে নিয়ে প্রশ্নে প্রকাশ্য বিরক্তি

Share

তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে ক্যামেরার সামনে চিৎকার করে বললেন, ‘আই অ্যাম ব্যাক।’ তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন পর্তুগিজ কিংবদন্তি।

এর আগে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে বাজে পারফরম্যান্সের পর রোনালদোকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। সেই ম্যাচের পর রোনালদো বলেন, ‘সপ্তাহটা খুব কঠিন ছিল, অন্ধকার সময় পার করেছি। মনে হচ্ছিল, আমি যেন ফুটবল থেকে আগেই অবসর নিয়ে ফেলেছি। তবে হাল ছাড়িনি।’

উজবেকিস্তান ম্যাচের পর মিক্সড জোনে সাংবাদিকেরা জানতে চান, নকআউটের কোনো ধাপে মেসির মুখোমুখি হতে চান কিনা। রোনালদো উত্তরে বলেন, ‘কী উত্তর দেব বুঝতে পারছি না, কারণ প্রশ্নটাই অর্থহীন।’ এরপর শেষ প্রশ্নে আরেক সাংবাদিক মেসির গোলের প্রসঙ্গ তুলতে গেলে প্রশ্ন শেষ হওয়ার আগেই পাশ ফিরে অন্য সাংবাদিককে প্রশ্ন করার ইশারা করেন রোনালদো।

ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়া প্রসঙ্গে রোনালদো বলেন, ‘ব্যক্তিগতভাবে রেকর্ড ভাঙা সব সময়ই আনন্দের। তবে আমার লক্ষ্য জাতীয় দলকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো।’ এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুই গোল করে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোলের মালিক হয়েছেন তিনি।

নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি সব সময়ই ফিরে আসি; একটু আগে কিংবা পরে। নিজের কাজটা করে যাওয়াই আসল। আমি যা করি, তাতে আমার প্রবল বিশ্বাস আছে।’ পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, রোনালদোর আবেগ প্রকাশের পূর্ণ অধিকার আছে।