তিনতন্ত্র প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইলই আপনার কম্পিউটারকে হ্যাকারদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের (জিআরইএটি) প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা প্রথমে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়, তারপর সেই অ্যাকাউন্ট থেকেই ব্যবহারকারীর বন্ধু, সহকর্মী বা পরিচিতদের কাছে ম্যালওয়্যারযুক্ত ফাইল পাঠায়। বার্তাগুলো পরিচিত কারও কাছ থেকে আসায় অনেকেই সন্দেহ ছাড়াই ফাইলে ক্লিক করেন। এই হামলার মূল লক্ষ্য হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ও ওয়েব সংস্করণ ব্যবহারকারীরা।
বিশ্বাসযোগ্য করে তুলতে ক্ষতিকর ফাইলগুলোকে সাধারণ ব্যবসায়িক নথির ছদ্মবেশে পাঠানো হয়। কিছু উপাদানকে মাইক্রোসফট উইন্ডোজের বৈধ হালনাগাদ ফাইলের মতো দেখানোরও চেষ্টা করা হয়। ফাইলটি খোলার পর একটি গোপন স্ক্রিপ্ট চালু হয়ে কম্পিউটারে লুকানো ফোল্ডার তৈরি করে। এরপর হামলাকারীদের নিয়ন্ত্রিত সার্ভার থেকে অতিরিক্ত ক্ষতিকর ফাইল ডাউনলোড হয় এবং রিমোট মনিটরিং সফটওয়্যার ইনস্টল করা হয়, যার মাধ্যমে দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
ক্যাসপারস্কির নিরাপত্তা গবেষক ফরিদ রাদজি বলেন, হ্যাকাররা মেসেজিং প্ল্যাটফর্মে গড়ে ওঠা বিশ্বাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফাইলগুলো বিভিন্ন ভাষায় তৈরি করা হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের লক্ষ্য করা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া