আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Share

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বিষয়গুলোর পরীক্ষাও সাধারণ শিক্ষা বোর্ডের মতো অভিন্ন প্রশ্নপত্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি রাষ্ট্র, একটি শিক্ষা মন্ত্রণালয় এবং একই সিলেবাস থাকা সত্ত্বেও বিভিন্ন বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বাংলা ও ইংরেজিসহ সাধারণ বিষয়গুলোতেও একই ব্যবস্থা কার্যকর হবে।

প্রশ্নপত্র বিতরণে কোনো ভুল বা কোড বিভ্রাট ঘটলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘সরি বলে পার পাওয়া যাবে না, যার ভুল তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।’

শিক্ষক নিয়োগে মামলার মাধ্যমে বাধা সৃষ্টির বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও মামলা করে নিয়োগ আটকে দেওয়া হয়েছে। যারা জাতি গঠনের অগ্রযাত্রায় বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি আদালতের দৃষ্টিতেও আনা হয়েছে।

এনটিআরসিএ প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০০১-০৬ সালে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তিনি নিজেই এনটিআরসিএ গঠন করেছিলেন শিক্ষকদের যোগ্যতার রাষ্ট্রীয় সনদ দেওয়ার উদ্দেশ্যে, সরাসরি চাকরি দেওয়ার জন্য নয়। তবে বিগত সরকার সেটিকে ঠিকমতো পরিচালনা করেনি।