দ্বিতীয় গোলের পর ভিনিসিয়ুসের উদ্‌যাপন। ছবি: এএফপি

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল,

Share

তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে ভিনিসিয়ুসের জোড়া গোল ও মাতেউস কুনিয়ার একটি গোলে জয় পায় কার্লো আনচেলত্তির দল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে উঠল সেলেসাওরা।

সাত মিনিটে স্কটিশ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন তিনি। ৬০ মিনিটে দলীয় আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন কুনিয়া। গ্রুপ পর্বে তিন ম্যাচে ভিনিসিয়ুসের মোট গোল দাঁড়াল চারটিতে।

ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে ৭৬ মিনিটে। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন এই তারকা। ‘ওলে, ওলে, নেইমার’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গ্যালারি।

একই সময় আটলান্টায় হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে উঠেছে মরক্কো। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ৩২-এ যাচ্ছে তারা। আটলান্টায় ১০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া মরক্কো প্রথমার্ধ শেষ করে ২-২ সমতায়। বিরতির পর রাহিমি ও ইয়াসিনের গোলে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে তারা।

ব্রাজিল আগামী ২৯ জুন হিউস্টনে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। প্রতিপক্ষ হতে পারে সুইডেন, জাপান ও নেদারল্যান্ডসের মধ্যে কেউ।