প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগ কোনো বিতর্কের বিষয় নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ আয়োজিত রবীন্দ্র-নজরুল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি শিশুদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার নতুন শিক্ষাক্রমে সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা আবৃত্তি, কিরাত, বক্তৃতা, সংগীত, নৃত্য ও নাটকে অংশ নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, সংগীত, সাহিত্য, চিত্রকলা বা কিরাত — যেকোনো মাধ্যমে শিশু নিজেকে বিকশিত করবে, সেটি তার ও তার পরিবারের পছন্দের বিষয়।
অনুষ্ঠানে ববি হাজ্জাজ আরও ঘোষণা দেন, সংগীত, চারুকলা ও নাট্যকলায় উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ সম্প্রসারণে মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়।