প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করার দিনেই এই ঘোষণা দেন তিনি।
পরিচয়পত্র পেশের পর সরাসরি যমুনা ফিউচার পার্কের আইভ্যাক পরিদর্শনে যান ত্রিবেদী। সেখানে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নরমাল ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিলাম। এটা আমাদের জন্য ভালো, এখানকার মানুষের জন্য ভালো। এটা সবার পাওনা ছিল।’ প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার আইভ্যাক থেকে আবেদন নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণে ভারতের সব ধরনের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। পরে সীমিত আকারে মেডিক্যাল, ডাবল এন্ট্রি ও ব্যবসায়িক ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা বন্ধই ছিল। কূটনৈতিক মহল এই ঘোষণাকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রথম ধাপ হিসেবে দেখছে।
ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিলে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রতিবেশী কোনো দেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে দূত হিসেবে নিয়োগ দিল ভারত, যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।