রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন গণপিটুনিতে নিহত

Share

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়ে পরে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীরপাড়ের একটি ভাড়া বাসা থেকে তিনজনের মরদেহ ও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গুরুতর আহত আরেক মেয়ে ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা কুমিল্লার হোমনা পৌরসভার লইট্টা গ্রামের মৃত হকার কামাল হোসেনের স্ত্রী ও মেয়ে। কয়েক বছর ধরে তারা লক্ষ্মীপুরে ভাড়া থাকতেন।

নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয়রা এক হকার যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানোর পথে তিনি মারা যান।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) রাশেদুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হন।