বরিশাল নগরীর সাগরদী এলাকায় আত্মহত্যা করেছেন এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে এক তরুণ। বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে এই ঘটনা ঘটান।
নিহতের চাচা বাবুল খাঁ জানান, গত কয়েকদিন ধরে প্রেমিকার সঙ্গে রাইয়ানের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ভিডিও কলে বিষয়টি সরাসরি দেখতে পেয়ে প্রেমিকা বন্ধুদের জানান। বন্ধুরা বাসায় ছুটে গেলেও দ্রুত দরজা খোলা সম্ভব হয়নি। পরে রাইয়ানের মা দরজা খুলে দিলে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।