তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে অসাধারণ এক রাত উপহার দিল ইকুয়েডর। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবার নকআউটে উঠেছে দলটি। একই গ্রুপে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউটে উঠেছে আইভরিকোস্টও।
নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু মাত্র নয় মিনিটের মাথায় নিলসন আনহুলোর গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এরপর পাল্লা দিয়ে খেলতে থাকে দুই দল। ৭৭ মিনিটে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে ঐতিহাসিক জয়সূচক গোলটি করেন গঞ্জালো প্লাতা। শেষ বাঁশি বাজার পর উন্মাতাল হলুদ ঢেউয়ে ভেসে যায় গ্যালারি।
বিশ্বকাপের ইতিহাসে পিছিয়ে পড়েও জার্মানিকে হারানো ইউরোপের বাইরের মাত্র দ্বিতীয় দল হলো ইকুয়েডর, এর আগে এই কীর্তি গড়েছিল কেবল জাপান। পাশাপাশি বিশ্বকাপে জার্মানিকে হারানো লাতিন আমেরিকার চতুর্থ দল হলো তারা। এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকো এই কীর্তি গড়েছিল।
‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ শীর্ষে নকআউটে উঠেছে জার্মানি। রানার্সআপ আইভরিকোস্টও ৬ পয়েন্ট পেয়েছে। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে ইকুয়েডর।

আলাদা ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে কুরাসাওকে হারিয়ে ইতিহাস গড়েছে আইভরিকোস্ট। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার এই দলটিকে।