সুন্দরবনের গভীর থেকে প্রায় ৪৫ মিনিট ধরে গুলির শব্দ ভেসে আসায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন খুলনার কয়রা উপজেলার বনপাড়ের মানুষ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কুখ্যাত দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায় কোস্টগার্ড।
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে বনভূমির ভেতরে গুলির শব্দের পাশাপাশি আগুনের শিখাও দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন, ‘শতাধিক গুলির শব্দ শুনেছি। মোবাইলে ভিডিওও ধারণ করেছি।’ আরেক বাসিন্দা মোবারক হোসেন বলেন, ‘রাতভর খুব ভয় পেয়েছি। গ্রামের মানুষ ঘর থেকে রাস্তায় নেমে এসেছিল।’
স্থানীয় কয়েকজনের দাবি, অভিযানের সময় কোস্টগার্ড দুলাভাই বাহিনীকে ঘিরে ফেলে আত্মসমর্পণের আহ্বান জানালে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে দস্যু দলের একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একটি ট্রলার কোস্টগার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত রাত থেকে সুন্দরবনে দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান চলছে। মিডিয়া কর্মকর্তা অভিযানে থাকায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কয়রা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় ঘটেছে এবং বর্তমানে সেখানে কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন।