বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনিক সংকট নতুন মোড় নিয়েছে। সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে বিসিবির অর্থায়ন স্থগিত রাখার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। চলতি সপ্তাহের শুরুতে পাঠানো প্রায় ১৪ পৃষ্ঠার ওই চিঠিতে বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নিজেকে পুনর্বহালের দাবিও জানিয়েছেন তিনি।
ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়, বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে আইসিসি বিষয়টি বিসিবিকে জানিয়েছে এবং বিসিবি নিজেদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আইসিসিকে জবাব দিয়েছে। তবে আমিনুল ইসলামের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচনে বড় ধরনের অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করা হয়। পরে ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন। আমিনুল তার চিঠিতে এই পুরো প্রক্রিয়াকেই আইনি ও প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছেন।
বিসিবির জন্য আইসিসির অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, নারী ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে এই অর্থ বড় ভূমিকা রাখে। তাই আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে বিসিবির ওপর আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এখন পর্যন্ত আইসিসি প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানায়নি।