স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ফাইল ছবি।

বেনজীরকে ফিরিয়ে আনতে আমিরাত সরকারের জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Share

দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকবিরোধী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সব কাগজপত্র আমরা পাঠিয়েছি। ইউএই সরকারের তরফ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। আশা করি শিগগিরই জানানো হবে।’

বেনজীর আহমেদ বর্তমানে আমিরাতের ফেডারেল পুলিশের হেফাজতে আছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ ইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে আছে এবং কাউকেই জোর করে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। তিনি জানান, জাতীয়তা যাচাই ছাড়া কাউকে সীমান্ত দিয়ে পাঠিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের তালিকা পেলে আইনগত প্রক্রিয়ায় পরিচয় যাচাই করে গ্রহণ করা হবে। তবে যথাযথ যাচাই ছাড়া জোর করে পাঠানোর চেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ভারতে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে পাঠানো হয়েছে এবং তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

অনুষ্ঠানে মাদকবিরোধী সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র ও ক্ষমতা দেওয়া হবে এবং বিচারাধীন মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হচ্ছে। প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার স্থাপন ও ডগ স্কোয়াড গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।