বিএনপি সরকার গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সব বিষয় অগ্রাহ্য করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আফসোস! বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম, সেখানেই থেকে গেলাম। কোনো পরিবর্তন আসল না।’
শফিকুর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী ধারার পরিবর্তনের জন্য সংস্কারের সনদ তৈরি হয় এবং তার ভিত্তিতে গণভোট হয়। কিন্তু সরকার শুধু সংসদ নির্বাচনের ভোটের মূল্যায়ন করেছে, গণভোটের রায় কার্যকর করেনি। স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক সংস্কারের উদ্যোগও নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, খুন, ধর্ষণ ও সন্ত্রাসের ঘটনা বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভেতরে পালন করেন, কিন্তু নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়ার সময় পান না।
তবে সীমান্ত পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘দেশবাসী ঐক্যবদ্ধ আছে। বিজিবির পাশে গোটা দেশবাসী আছে। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সরকারকে ভালো উদ্যোগ নিলে সহযোগিতার আশ্বাস দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, গণবিরোধী যেকোনো উদ্যোগের প্রতিবাদ ও প্রতিরোধ সংসদের ভেতরে ও বাইরে সমানতালে চলবে।