ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা, সমঝোতা অনিশ্চয়তায়

Share

উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় এটিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করা হয়। আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে।’

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হামলার জবাবে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ওই হামলার জন্য ওয়াশিংটন তেহরানকে দায়ী করেছে। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজটিতে হামলাকে গত ১৭ জুনের সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর অঞ্চলটিতে উত্তেজনা কমার আশা তৈরি হয়েছিল। ওই সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। তবে নতুন করে পাল্টাপাল্টি হামলায় সেই আশা অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বিশ্লেষকেরা বলছেন, এ অঞ্চলে নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানিবাজারকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: এএফপি