ট্রেনগুলো ইজারা দেওয়ার অনুমোদন চেয়ে রেল সদর দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে।

রাজস্ব ঘাটতি কমাতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেওয়ার উদ্যোগ

Share

রাজস্ব ঘাটতি কমাতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনগুলো ইজারা দেওয়ার অনুমোদন চেয়ে রেল সদর দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের পরিসংখ্যানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৭ কোটি টাকা, আয় হয়েছে মাত্র ৬৪৯ কোটি। ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ১৬০ কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৬২১ কোটি টাকা।

কর্তৃপক্ষ জানায়, কম ভাড়া, টিকিটবিহীন ভ্রমণ এবং পর্যাপ্ত জনবলের অভাবে মেইল ও লোকাল ট্রেনগুলোয় লোকসান অব্যাহত রয়েছে। বর্তমানে ২৪টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন ইজারায় দিয়ে প্রতি মাসে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা আয় করছে রেলওয়ে।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, বিষয়টি সদর দফতরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে প্রক্রিয়া করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ট্রেনগুলো ইজারা দেওয়া হবে।

তবে এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের রাজশাহী জেলা শাখার সভাপতি আহমেদ শফি উদ্দিন। তিনি বলেন, ‘বেসরকারি পরিচালনাকারীরা লাভজনকভাবে এই ট্রেনগুলো চালাতে পারলে রেলওয়ে নিজে কেন তা করতে পারে না — এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার।’ বেসরকারিকরণের ফলে সাধারণ যাত্রীদের ভাড়া আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।