ছবি: সংগৃহীত

জমি লিজ নিয়ে গ্রামে খেলার মাঠ, মাদক থেকে দূরে রাজশাহীর কাঁঠালপাড়ার তরুণেরা

Share

খেলার মাঠ নেই বলে অন্য এলাকায় গিয়ে খেলতে হতো রাজশাহীর পবা উপজেলার কাঁঠালপাড়া গ্রামের তরুণদের। সেই সমস্যার সমাধান তারা নিজেরাই করে নিয়েছেন। প্রতিবছর ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে তিন বিঘার বেশি জমি লিজ নিয়ে সেটিকে খেলার মাঠে রূপ দিয়েছেন গ্রামের তরুণেরা। দুই বছর ধরে এই মাঠে নিয়মিত ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন চলছে।

স্থানীয় সংগঠন ‘কাঁঠালপাড়া যুবসংঘ’ দুই বছর আগে একটি পেয়ারাবাগান লিজ নিয়ে জমি সমতল করে এই মাঠ তৈরি করে। ক্লাব সদস্যরা সামর্থ্য অনুযায়ী ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিয়ে লিজের অর্থ জোগাড় করেছেন। বর্তমানে প্রতিদিন বিকেলে মাঠে ছোট-বড় মিলিয়ে ৫০ থেকে ১০০ জনের সমাগম হয়।

যুবসংঘের সভাপতি তারিক হোসেন বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, গ্রামের ছেলেরা যেন খেলাধুলার মধ্যে থাকে, নেশার সঙ্গে জড়িয়ে না পড়ে।’ গ্রামের প্রবীণ বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘মাঠটি হওয়ার পর আমাদের এলাকায় মাদকের সমস্যা প্রায় নেই বললেই চলে।’

খেলাধুলার পাশাপাশি মাঠটি এখন সামাজিক বন্ধনেরও কেন্দ্র হয়ে উঠেছে। যুবসংঘের সহসভাপতি মো. রনি বলেন, শীতবস্ত্র বিতরণ ও ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কাজও করা হয় এই সংগঠনের উদ্যোগে। মাঠের অনেক খেলোয়াড় এখন জেলার বিভিন্ন পরিচিত দলে জায়গা করে নিয়েছেন বলেও জানান সংগঠনের সদস্যরা।