ঠাকুরগাঁও, ২৭ জুন ॥ ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে লুৎফর রহমান মিঠু সভাপতি এবং তানভীর হাসান তানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডিবিসি টেলিভিশন ও দৈনিক খবরের কাগজের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।
শনিবার সকাল ১০টায় প্রেস ক্লাবের হলরুমে সাধারণ সভার পর দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১১টি পদের মধ্যে ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার ছিলেন ৩৫ জন। বিকেলে ভোট গণনা শেষে জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন — সহসভাপতি আব্দুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক আল ফারাবী হাসান নবীন, অর্থ সম্পাদক আহসান হাবীব বুলবুল, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সাহিত্য-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট এবং দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শামীম। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মনসুর আলী, ফিরোজ আমিন সরকার ও এসএম জসিম উদ্দিন।
২০০০ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত নবীন হাসান এর আগে প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচিত হওয়ার পর নবীন হাসান বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সকল সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। প্রেস ক্লাবকে আরও আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”