ছবি: সংগৃহীত

সংসদে জাকাতভিত্তিক অর্থনীতির দাবি জামায়াত এমপির, প্রস্তাব জাকাত মন্ত্রণালয় গঠনের

Share

দেশে সুদভিত্তিক অর্থনীতির বদলে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘জাকাতভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’ এ লক্ষ্যে বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে কমিটি গঠন এবং জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি।

মুজিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংক সুদমুক্ত অর্থনীতির একটি চেষ্টা করেছিল। তখন দেখা গিয়েছিল বড় বড় সুদি ব্যাংকগুলোও ইসলামিক কাউন্টার খুলতে বাধ্য হয়েছিল। এতে প্রমাণ হয়, বাংলাদেশে সুদ ছাড়াও অর্থনীতি চলতে পারে। তবে তাঁর অভিযোগ, ‘শকুনের দৃষ্টি’ ইসলামী ব্যাংকের ওপর পড়ায় ব্যাংকটি বিধ্বস্ত হতে চলেছে।

মালয়েশিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ জাকাতভিত্তিক অর্থনীতির দিকে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তান।

জাকাত মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়ে মুজিবুর রহমান বলেন, ঠিকমতো জাকাত আদায় করা গেলে দুই লাখ কোটি টাকা আসতে পারে। তিনি আরও বলেন, জনগণ কার্ড চায় না, কাজ চায়। এই জাতিকে দারিদ্র্য থেকে মুক্ত করতে কাজের সুযোগ নিশ্চিত করতে হবে।