রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা আসামি মোশাররফের পক্ষে সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য এবং গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। মোশাররফ রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা।
গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল মামলাটি করে দুদক। গত ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র আমলে নিয়ে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।