বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। এখন পর্যন্ত ৬ গোল করে সবার ওপরে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে নকআউট পর্বে তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ড।
জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুতে বিশ্রামে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন তিনি। সেই গোলে শুধু দলের শতভাগ জয়ই নিশ্চিত হয়নি, গড়েছে নতুন ইতিহাসও। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার এখন মেসি।
এছাড়া ১৯৯৮ সালে বর্তমান বিশ্বকাপ ফরম্যাট চালুর পর গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করা মাত্র চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা এখন ১৯, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।
গ্রুপ পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়ে মেসির সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হলান্ড। চারজনই এখন পর্যন্ত করেছেন ৪টি করে গোল। তবে দুটি অ্যাসিস্ট থাকায় তাঁদের মধ্যে এগিয়ে রয়েছেন এমবাপ্পে।
ফিফার নিয়ম অনুযায়ী, একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারের পক্ষেই সিদ্ধান্ত যায়।
নকআউট পর্বে তাই শুধু দলগত সাফল্য নয়, ব্যক্তিগত এই পুরস্কারের লড়াইও হতে যাচ্ছে বেশ আকর্ষণীয়।