ভারতের কর্ণাটকে চলন্ত একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান তাঁর সাবেক প্রেমিকা। এ ঘটনায় গাড়িচালকও আহত হয়েছেন।
শনিবার কর্ণাটকের তুমাকুরু জেলার সিরা তালুকের জোগিহাল্লি এলাকায় ৪৮ নম্বর জাতীয় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাগেন্দ্র (৩০)। আহত তরুণী ও উবারচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নাগেন্দ্র ও ওই তরুণীর মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয় এবং ব্যক্তিগত বিরোধের জেরে তরুণী তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
তদন্তকারীদের অভিযোগ, শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগর এলাকা থেকে নাগেন্দ্র জোর করে তরুণীকে একটি উবার গাড়িতে তুলে নিয়ে যান। পরে তরুণীর পরিবার থানায় অপহরণের অভিযোগ করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রাপথে নাগেন্দ্র নিজের সঙ্গে থাকা একটি বিস্ফোরক ডিভাইস তরুণীকে দেখিয়ে তাঁকে হত্যার পাশাপাশি নিজেও আত্মহত্যার হুমকি দেন। পরে জোগিহাল্লির কাছে চলন্ত গাড়ির ভেতরে ছুরি দিয়ে তরুণীকে আক্রমণেরও অভিযোগ রয়েছে।
এ সময় চালক গাড়ি থামালে তরুণী দরজা খুলে লাফিয়ে বেরিয়ে যান। এর অল্প সময় পরই গাড়ির ভেতরে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন নাগেন্দ্র।
তুমাকুরু জেলার পুলিশ সুপার অশোক কে. ভি. জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাগেন্দ্র নিজেই বিস্ফোরণটি ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়েছে। বিস্ফোরকের ধরন, উৎস এবং কীভাবে এটি বিস্ফোরিত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।