পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। অতিরিক্ত আইজিপি থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রদবদলের অংশ হিসেবে এনএসআইয়ের পরিচালক থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন ইউনিট, রেঞ্জ, প্রশিক্ষণ কেন্দ্র, মহানগর পুলিশ ও বিশেষায়িত সংস্থায় দায়িত্ব পালনকারী একাধিক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে।