বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, দলটির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দুটি জাতীয় দৈনিক ‘সিন্ডিকেটেড সংবাদ’ প্রকাশ করছে।
রোববার এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন উদ্দেশ্যপ্রণোদিত ও সমন্বিতভাবে এমন সংবাদ প্রকাশ করছে, যা জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ধারার ইসলামি রাজনৈতিক সংগঠন। দলটির দাবি, প্রতিষ্ঠার পর থেকে তারা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের বিভিন্ন সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য তথ্য প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না। সচেতন জনগণ এ ধরনের প্রচারণা প্রত্যাখ্যান করবে বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতির শেষে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন-কে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করে সংবাদ প্রকাশের আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দুই সংবাদমাধ্যমের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।