বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কুষ্টিয়ায় ব্যতিক্রমী শোভাযাত্রা করেছেন জাপান ফুটবল দলের সমর্থকেরা। সোমবার দুপুরে শহরের প্রধান সড়ক এনএস রোডে মিছিল ও মোটর শোভাযাত্রায় অংশ নেন শতাধিক নারী, পুরুষ ও শিশু। কর্মসূচিতে অংশ নেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন এবং জাতীয় নারী ফুটবল দলের ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলাও।
কুষ্টিয়া জাপান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি থানা মোড়, পৌরসভা মোড় ঘুরে গোসালা সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের মধ্যে জাপান দলের জার্সি বিতরণ করা হয়। ছোট ট্রাকে সাউন্ড সিস্টেম ও ব্যান্ড পার্টির তালে তালে জাপানের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।
আয়োজক চিকিৎসক এস এম মুসতানজিদ বলেন, জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল। তাই তাদের প্রতি সমর্থন জানাতেই এই আয়োজন। তাঁর প্রত্যাশা, ব্রাজিলকে অন্তত দুই গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করবে জাপান।
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নীলা বলেন, তিনি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও আমন্ত্রণ পেয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপে খেলে দেশের পতাকা উড়াবে।
জাতীয় দলের সাবেক ফুটবলার আকরাম হোসেন বলেন, হার–জিত খেলারই অংশ। তবে তিনি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচের প্রত্যাশা করেন।