ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার

Share

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৪ মে মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা অংশ নেন। অন্যদিকে ইনুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিপক্ষ মোট নয় দিন ধরে তাদের বক্তব্য তুলে ধরে।

ইনুর আইনজীবীর দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সংসদ সদস্য ছিলেন না এবং কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। সাক্ষীদের বক্তব্যেও তাঁর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি বলে দাবি করেন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন এবং বহু মানুষ আহত হন। এ ঘটনায় তদন্ত শেষে ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।