ছবি: সংগৃহীত

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক, সম্পর্ক জোরদারে জোর

Share

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার বলেন, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ইসলামাবাদ। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য বেড়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে ধাপে ধাপে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে। এর মধ্যে ৭৪ জন ইতোমধ্যে পাকিস্তানে গেছেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও মেধা বিনিময় বাড়ানোর লক্ষ্যে ‘নলেজ করিডোর’ প্রকল্পও এগিয়ে নেওয়া হচ্ছে।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের সংসদ সদস্যদের নিয়ে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন, যাতে পার্লামেন্টারি কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়।

আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন ডা. শফিকুর রহমান। হাইকমিশনারের মাধ্যমে তিনি পাকিস্তান সরকারকে এ জন্য ধন্যবাদ জানান।