জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীতে ‘ঐতিহাসিক গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে সেলিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাই নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, “জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।”
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়, ১৭ থেকে ৩০ জুলাই শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী, ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, ৩১ জুলাই মসজিদে মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল, ১ থেকে ৪ আগস্ট ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ এবং ৫ আগস্ট রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল।