প্রতীকী ছবি

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে এসেছে

Share

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আজ মঙ্গলবার সকালে মরদেহগুলো দেশে আনা হয়।

নিহত পাঁচজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ। তাঁদের সবার বাড়ি কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামে।

মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২২৬ গতকাল সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে আজ সকালে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে পাঠানোর প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়। মরদেহগুলো যথাযথভাবে স্বজনদের কাছে হস্তান্তরসহ অন্যান্য সরকারি সুবিধা প্রদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা কাজ করছে বলেও জানানো হয়েছে।