ছবি: সংগৃহীত

সৌদিতে ওয়ার্ক পারমিট নবায়নে সময়সীমা, প্রবাসীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান

Share

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়ে গেছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুনভাবে প্রবেশ বা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের পর ছয় মাসের বেশি সময় পরেও ওয়ার্ক পারমিট পাননি, তাঁদের চলতি ২০২৬ সালের মধ্যেই পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী এ প্রক্রিয়া শুরু করায় সুযোগটি বছরের শেষ পর্যন্ত বহাল রাখা হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।