ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেট সিটি করপোরেশন এলাকার দক্ষিণ সুরমা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে দক্ষিণ সুরমা থানার সহযোগিতায় কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে চার ছাত্রীকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা দক্ষিণ সুরমা থানায় রয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, মঙ্গলবার প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর চারজনই নিখোঁজ হয়। রাতেই তাদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ ছাত্রীরা সবাই একই গ্রামের বাসিন্দা, একই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির ছাত্রী।
রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানবপাচার চক্রের খপ্পরে পড়ে তারা সিলেটে পৌঁছেছিল। এ বিষয়ে বিস্তারিত জানতে তাদের ঠাকুরগাঁওয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা বলেছে, তারা বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। দিনাজপুর হয়ে বাসে করে সিলেটে এসে গোয়াইনঘাট যাওয়ার পরিকল্পনা ছিল। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।