তেহরানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার প্রস্তুতির মধ্যে দীর্ঘদিন পর জনসমক্ষে দেখা দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত ছবিতে দেখা যায়, বিদায় অনুষ্ঠানে খামেনির কফিনের পাশে বসে আছেন তিনি। কয়েক মাস ধরে জনসমক্ষে অনুপস্থিত থাকার পর এটি তার বিরল উপস্থিতি বলে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন ৮৬ বছর বয়সী খামেনি। তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনির রাষ্ট্রীয় জানাজা ৪ জুলাই থেকে শুরু হয়ে ৯ জুলাই মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে বারবার পিছিয়ে যাওয়া এই শেষকৃত্য অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি।
আইআরজিসির সাবেক প্রধান মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর দায়িত্ব নেওয়া ভাহিদি এর আগে বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত ও ইন্টারপোলের ওয়ান্টেড তালিকাভুক্ত এই কমান্ডার চলমান সংঘাতে তেহরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, অতীতে আইআরজিসির একাধিক শীর্ষ কমান্ডার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানে নিহত হয়েছেন, যাদের মধ্যে সাবেক কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানিও রয়েছেন।