পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার ধানাসার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের পর পেশোয়ারগামী বাসটি খাদে পড়ে যায়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্যমতে দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা ও সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকারের বরাত দিয়ে জানানো হয়, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথিমধ্যে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীও এতে উঠে পড়েন। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর তথ্যমতে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
সূত্র: ডন