গোল করার ক্ষমতা ‘সৃষ্টিকর্তার উপহার’, ব্রাজিল জয়কে ইতিহাসের সেরা বললেন হালান্ড

Share

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথম ৭৮ মিনিট প্রায় অদৃশ্য থেকেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে দিলেন আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রসে হেডে এবং ৯০তম মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুললেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

ম্যাচ শেষে হালান্ড বলেন, “আমি যদি এক-দুটি সুযোগ পাই, বেশির ভাগ সময়ই সেগুলো গোলে পরিণত হয়। কীভাবে এটা করি, আমি নিজেও জানি না। আসল বিষয় হলো শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখা।” গোল করার এই সহজাত ক্ষমতাকে তিনি ‘সৃষ্টিকর্তার উপহার’ বলে অভিহিত করেন।

চলতি বিশ্বকাপে চার ম্যাচে ৭ গোল করে মেসি ও এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায় আছেন হালান্ড। তিনটি ম্যাচেই করেছেন জোড়া গোল।

ব্রাজিলের বিরুদ্ধে এই জয়কে নরওয়ের ফুটবল ইতিহাসের সেরা দিন উল্লেখ করে হালান্ড বলেন, “হয়তো এই দিনটাই নরওয়ের ফুটবল ইতিহাস বদলে দেবে। এই মুহূর্তকে আপন করে নিন, উপভোগ করুন।” ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে তিনি আরও বলেন, নরওয়ের হয়ে খেলাই জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় হতে পারে।