তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি ব্যক্তিগত রিভলবার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যাতে ছিল তাজা গুলিও। আঙ্কারায় আয়োজিত এই সম্মেলনে অংশ নেওয়া সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকেই একই ধরনের উপহার দেওয়া হয় বলে জানা গেছে।
প্রতিটি অস্ত্রেই সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। তবে স্টারমারের নামাঙ্কিত এই রিভলবারটি যুক্তরাজ্যে নেওয়া হয়নি—এটি এখন তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের কাছেই সংরক্ষিত আছে। কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে পাঠানোর আগে অস্ত্রটিকে নিষ্ক্রিয় করা হবে, যাতে এর মাধ্যমে ভবিষ্যতে আর কোনো গুলি ছোড়া সম্ভব না হয়।
এই উপহার দেওয়ার জন্য তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইনে বিশেষ শিথিলতা আনেন প্রেসিডেন্ট এরদোয়ান। তবে যথাযথ অনুমতি ছাড়া তাজা আগ্নেয়াস্ত্র যুক্তরাজ্যে আমদানি করা আইনত নিষিদ্ধ হওয়ায় অস্ত্রটি আপাতত তুরস্কেই থেকে যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে অবশ্য কোনো ছবি প্রকাশ করা হয়নি।
সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে একটি প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী স্টারমার, যার মাধ্যমে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলন শেষে দেওয়া এক বিবৃতিতে স্টারমার বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে ন্যাটো জোট আগের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। তাঁর ভাষায়, সম্মেলনটি সফল হয়েছে এবং জোটের ঐক্য নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে তাঁরা এসেছিলেন, তা অর্জিত হয়েছে—বিশেষত ইউক্রেন ও ইরান পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঐক্য বজায় রাখা যে কতটা গুরুত্বপূর্ণ, সে কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এটিই ছিল কিয়ার স্টারমারের অংশগ্রহণ করা শেষ কোনো বড় আন্তর্জাতিক সম্মেলন।
-বিবিসি