ছবি : সংগৃহীত

শাহবাগে পৃথক ফুটপাত থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

Share

রাজধানীর শাহবাগ থানা এলাকার দুটি ভিন্ন স্থানের ফুটপাত থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে আনন্দবাজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে পৃথকভাবে লাশ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, পথচারীরা প্রথমে দুই ব্যক্তিকে নিথর অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্যমতে, নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁদের একজনের বয়স আনুমানিক ৫৫ বছর এবং অপরজনের বয়স আনুমানিক ৬০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার এসআই আল মামুন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।