ছবি : সংগৃহীত

ভাতা তুলতে গিয়ে চোখ কপালে, বৃদ্ধের অ্যাকাউন্টে জমা ৭৫৯ কোটি রুপি!

Share

ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। নিজের বার্ধক্য ভাতা তুলতে ব্যাংকের কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়েছিলেন ৮২ বছর বয়সী কামেশ্বর মিশ্র নামের এক বৃদ্ধ। কিন্তু ভাতার টাকা তোলার পর নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে গিয়েই চোখ কপালে ওঠে তাঁর—হিসাবে দেখাচ্ছে ৭৫৯ কোটি রুপিরও বেশি অর্থ জমা! শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে থাকা প্রতিবন্ধী ছেলের অ্যাকাউন্টেও একইভাবে জমা হয়েছে বিপুল অঙ্কের টাকা। দুই অ্যাকাউন্ট মিলিয়ে এই পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ কোটি রুপিরও বেশি।

পেশায় কবি কামেশ্বর মিশ্র ও তাঁর পরিবারের সদস্যরা জানান, গতকাল রোববার সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ছেলের ভাতা তুলতে তাঁরা সিএসসি সেন্টারে যান। টাকা তোলার পর ব্যালেন্স চেক করতেই দেখা যায়, কামেশ্বরের অ্যাকাউন্টে রয়েছে সুনির্দিষ্টভাবে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি। এই অপ্রত্যাশিত ও বিপুল অঙ্কের টাকা দেখে হতভম্ব হয়ে পড়েন কামেশ্বর নিজে ও সিএসসি সেন্টারের অপারেটর, উভয়েই।

কী কারণে এমন বিপুল অর্থ অ্যাকাউন্টে জমা দেখাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংকের কোনো যান্ত্রিক বা সফটওয়্যারগত ত্রুটির কারণেই এমন অস্বাভাবিক সংখ্যা পর্দায় ভেসে উঠেছে। তবে এখন পর্যন্ত ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে কামেশ্বর মিশ্র বলেন, কীভাবে এত বিপুল অর্থ তাঁদের অ্যাকাউন্টে এসেছে তা তিনি নিজেও বুঝতে পারছেন না। এই বিষয়টি সবার সামনে প্রকাশ্যে আনার কারণ হিসেবে তিনি জানান, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যালেন্স যাচাই করে যেকোনো সম্ভাব্য ভুল দ্রুত সংশোধন করতে পারেন।

সূত্র: ইন্ডিয়া টুডে অবলম্বনে