ছবি : সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ১,০২৪ একর জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

Share

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এগিয়ে নিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে এক হাজার একরের বেশি জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ পর্যন্ত ১৭২ দশমিক ৬ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের জন্য মোট ১,০২৪ দশমিক ৭৫ একর জমি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত-বাংলাদেশ সীমান্তকে আরও সুরক্ষিত করা তার সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে।

সরকার প্রকাশিত জেলা-ভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়। ৪৫ দশমিক ৪ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য এই জেলা থেকে ৩৩৭ একর জমি হস্তান্তর করা হয়েছে, যা মোট জমির প্রায় এক-তৃতীয়াংশ। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে ৪২ দশমিক ৭ কিলোমিটার এলাকায় কাজের জন্য দেওয়া হয়েছে ২৪১ দশমিক ৩ একর জমি।

এ ছাড়া কোচবিহারে ১৩৫ দশমিক ৩৩ একর, মালদায় ১৭৬ দশমিক ৭৮ একর, নদীয়ায় ৯৫ দশমিক ১১ একর, দক্ষিণ দিনাজপুরে ২৬ দশমিক ৪১ একর, দার্জিলিংয়ে ৪ দশমিক ৩১ একর, উত্তর দিনাজপুরে ৬ দশমিক ৬১ একর এবং জলপাইগুড়িতে ২ দশমিক ১৭ একর জমি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার এ ধরনের অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে বিষয়টি ঘিরে অতীতে পশ্চিমবঙ্গে বিতর্ক ছিল। রাজ্যের জমি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়ার বিষয়ে বিভিন্ন নাগরিক সংগঠন আপত্তি জানিয়েছিল এবং আন্দোলনও হয়েছিল। বিশেষ করে ২০১৫ সালে ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তির সময় বাংলাদেশকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছিল। তবে এবার বিএসএফের জন্য জমি হস্তান্তরের বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের প্রকাশ্য বিরোধিতা দেখা যায়নি।