ফিফা বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা জয়কে স্বাগত জানিয়েছে ইরান। সোমবার দেওয়া এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, স্পেনের এই জয় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী অবস্থানে থাকা স্বাধীনতাকামী মানুষদের জন্য আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে সোচ্চার অবস্থান এবং ইরানের ওপর হামলার সমালোচনা করে স্পেন সরকার ও তাদের জাতীয় ফুটবল দল বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে। গত কয়েক মাস ধরেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে আসছিল দেশটি।
অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের নীতির প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিত, এবং ফাইনালে অনেক ইসরায়েলি রাজনীতিবিদ ও সমর্থকও আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।
এই জয়ের পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর কাছে দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেন, ফিলিস্তিনিদের পক্ষে স্প্যানিশ খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের সহমর্মিতা প্রমাণ করে যে স্বাধীনতা ও আত্মমর্যাদাবোধ জাতিটির অন্যতম বৈশিষ্ট্য।
তিনি আরও যোগ করেন, স্পেনের এই বিজয় কেবল দেশটির নাগরিকদের হৃদয়ই স্পর্শ করেনি, বরং বিশ্বজুড়ে স্বাধীনতা ও ন্যায়বিচারে বিশ্বাসী অসংখ্য মানুষকেও উদ্বেলিত করেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন ও নিপীড়নবিরোধী অবস্থান নেওয়ায় স্পেন সরকার ও তাদের জাতীয় ফুটবল দলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।