আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞ তারকারা।
সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি এই তিন বোলার। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অ্যাকিলিসে নতুন চোট পাওয়ায় পুরো অ্যাশেজই মিস করেন হ্যাজলউড, আর অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল লায়নকে।
অন্যদিকে পিঠের নিচের অংশে চোট কাটিয়ে অ্যাডিলেড টেস্ট দিয়েই মাঠে ফেরেন কামিন্স, তবে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হয়ে যাওয়ায় পরের দুই টেস্টে তাকে বিশ্রামে রাখা হয়। টি-টুয়েন্টি বিশ্বকাপেও অনুপস্থিত ছিলেন কামিন্স ও হ্যাজলউড, যদিও পরবর্তী আইপিএলে দুজনেই মাঠে ফেরেন। এই তিন তারকার প্রত্যাবর্তনে দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।
পেস আক্রমণে কামিন্স ও হ্যাজলউডের সঙ্গী হচ্ছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। এর বাইরে পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারও একাদশে জায়গা পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
টপ অর্ডারে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষিক্ত জেক ওয়েদারাল্ডের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, ইনিংস উদ্বোধনে তার সঙ্গী হবেন ট্রাভিস হেড। ছন্দে না থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন মারনাস লাবুশেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজের দুই টেস্ট অনুষ্ঠিত হবে ডারউইনে (১৩-১৭ আগস্ট) ও ম্যাকাইয়ে (২২-২৬ আগস্ট)। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়া আট ম্যাচের সাতটিতে জিতে ৮৭.৫০ পয়েন্ট সংগ্রহ করেছে।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।