আমাদের পতনের অপেক্ষায় ছিল সবাই: ডি পল

Share

 

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। হারের একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ও তীক্ষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন আলবিসেলেস্তে মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি আর্জেন্টিনার পতনের অপেক্ষায় থাকা সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেছেন

ডি পল লেখেন, আজ তিনি দেখতে পাচ্ছেন কত মানুষ তাদের ব্যর্থতার অপেক্ষায় ছিল এবং পুরো বিশ্বকাপজুড়ে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে, যাতে নিজেদের সেই কষ্ট কিছুটা লাঘব হয় যা আর্জেন্টাইনরা অনুভব করছিল অথচ তারা নিজেরা অনুভব করতে পারছিল না। তার ভাষায়, আর্জেন্টিনার হাসি ও পথচলা সমালোচকদের অসহ্য লাগে, তবে এসবই প্রমাণ করে জার্সির প্রতি তাদের ভালোবাসা ও আবেগ সব বাধা জয় করতে সক্ষম।

পুরো আসরজুড়ে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এবং আর্জেন্টিনার খেলার ধরন ও উদযাপন নিয়ে সমালোচনা হয়েছিল। ডি পলের এই বক্তব্যকে অনেকে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন দেশের সাবেক-বর্তমান ফুটবলারদের প্রতি জবাব হিসেবে দেখছেন।

শিরোপা হাতছাড়া হওয়ার হতাশাও গোপন করেননি এই মিডফিল্ডার। তিনি লেখেন, দেশে ট্রফি ফিরিয়ে নিতে না পারাটাই তাদের সবচেয়ে বড় কষ্ট। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এই অনুভূতি আবার পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, তা তারাই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমর্থকরাই বুঝিয়ে দিচ্ছেন যে এই দলের সঙ্গে তাদের সম্পর্ক কেবল একটি ট্রফিকে ঘিরে নয়, আর এখান থেকেই কঠিন সময় পার করার শক্তি পাচ্ছেন তিনি।

পোস্টের শেষে ডি পল লেখেন, এই কষ্ট দীর্ঘদিন থাকবে, তবে আজ আগের চেয়েও বেশি গর্বিত তিনি আর্জেন্টাইন হতে পেরে।