ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প, জানাল মার্কিন গণমাধ্যম

Share

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানানো হয়, ইনফান্তিনো বিশ্বব্যাপী সম্মানিত একজন ব্যক্তিত্ব এবং মানুষের মধ্যে ঐক্য তৈরির ব্যতিক্রমী সক্ষমতা তার রয়েছে বলে বিশ্বাস করেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর সঙ্গে চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ট্রাম্পের। এ সময় ফিফার প্রথমবারের মতো চালু করা ‘পিস প্রাইজ’ ট্রাম্পকে প্রদান করেন ইনফান্তিনো বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হয়ে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন নতুন মহাসচিব। জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ এই নিয়োগ চূড়ান্ত করে। এক্ষেত্রে প্রথমে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন আদায় করতে হয়, যেখানে স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একটি রাষ্ট্র ভেটো দিলে প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। এরপর প্রয়োজন হয় সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদনও।

উল্লেখ্য, বড় বড় আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর ট্রাম্প। ক্ষমতায় ফিরে আসার পর তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংস্থাটির অধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।