ছবি: সংগৃহীত

জাতীয় দলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী তারকা ওতামেন্দি

Share

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ৩৮ বছর বয়সী এই তারকা এক আবেগময় বার্তার মাধ্যমে জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন, যদিও ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা তিনি এখনো পুরোপুরি ভুলতে পারেননি।

ইনস্টাগ্রামে জাতীয় দলের হয়ে নিজের স্মরণীয় মুহূর্তগুলোর একটি ভিডিও প্রকাশ করে ওতামেন্দি লেখেন, ছোটবেলার স্বপ্ন ছিল আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো, আর সেই দায়িত্ব ও আবেগ নিয়েই তিনি মাঠে লড়াই করে গেছেন। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্বকাপ ফাইনালেই তাঁর শেষ ম্যাচ হবে— এটা যেন নিয়তিরই লেখা ছিল, ফল প্রত্যাশামতো না হলেও দলের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার তৃপ্তি নিয়েই তিনি বিদায় নিচ্ছেন। বার্তার শেষে তিনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য আর্জেন্টিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয় দলের জার্সিতে ১৩৯ ম্যাচ খেলা ওতামেন্দি ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছেন, খেলেছেন মোট চারটি বিশ্বকাপে এবং করেছেন ৮টি গোল। তবে সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।

এদিকে ইউরোপের সফল ক্যারিয়ারেও ইতি টেনেছেন এই ডিফেন্ডার, যেখানে তিনি খেলেছেন পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো ক্লাবে। এখন তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে, যেখানে ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছেন। আগামীকাল শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবের হয়ে তাঁর মাঠে নামার কথা রয়েছে।