আর্জেন্টিনার জার্সিতে ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ। ছবি: সংগৃহীত

ফাইনাল হারের পর বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

Share

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে লিওনেল স্কালোনির দল। এই হারের প্রভাব পড়তে যাচ্ছে দলের অফিসিয়াল জার্সিতেও— বুক থেকে সরে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ ব্যাজটি। বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে দীর্ঘদিন জার্সিতে থাকা ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজটি এখন থেকে আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। ১৯ জুলাইয়ের ফাইনালে জয়ের পর শিরোপা রক্ষার প্রতীক হিসেবে এই বিশেষ এম্বলেমের অধিকার এখন চলে গেছে স্পেনের হাতে— অর্থাৎ লামিনে ইয়ামালদের জার্সিতে এখন শোভা পাবে নতুন ২০২৬ বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ।

এই ব্যাজ হারানোর ফলে আর্জেন্টিনার জার্সিতে এখন থেকে টিকে থাকবে কেবল সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার প্যাচটি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

উল্লেখ্য, গত ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ আসরের শিরোপা উৎসব করে স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জাগিয়ে তোলা আর্জেন্টিনা ফাইনালে তেমন প্রতিরোধই গড়তে পারেনি— নির্ধারিত ৯০ মিনিটে কোনো শটই নিতে পারেনি তারা, অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তা লক্ষ্যে ছিল না। ম্যাচের আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া কিছু মন্তব্য নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, যদিও দেশটির ফুটবল ফেডারেশন এসব গুঞ্জন প্রত্যাখ্যান করেছে।