শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মোদিকে পদত্যাগপত্র দিলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র সরকার ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর মধ্যে তৃতীয় দফা বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।
দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর একটি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী সিজেপি ও কেন্দ্র সরকারের আলোচনাও দীর্ঘদিন ধরে এই দাবি ঘিরেই অচলাবস্থায় ছিল। শনিবার (২৫ জুলাই) সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে কোনো আলোচনা হবে না।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনকারীদের উত্থাপিত সব দাবি পূরণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো ছিল-
– ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ;
– আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া;
-নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ;
এর আগে শুক্রবার কেন্দ্র সরকার শেষের দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, ‘এই দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। দূরদর্শী নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছামাত্রই যন্তর মন্তরের আন্দোলনস্থলে উদযাপনে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপি লিখেছে, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক।’
যন্তর মন্তরের মঞ্চ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর জানিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, ‘আমরা এটি করে দেখিয়েছি। তারা বলত, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না; কিন্তু আমরা তা করিয়ে দেখিয়েছি।’
গত কয়েকদিনে ভারতের বহু শহরে ছড়িয়ে পড়া এই ছাত্র আন্দোলন একটি বড় ধরনের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। সরকারকে কোণঠাসা করতে বিরোধী দলগুলোও এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছিল।
তথ্যসূত্র: স্টার নিউজ