চুক্তি নবায়ন না হলে ভিনিসিয়ুসকে ছাড়তে রাজি রিয়াল মাদ্রিদ

Share

তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে নতুন চুক্তিতে রাখতে চাইলেও আগের প্রস্তাবের চেয়ে বেশি অর্থ দিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি না হলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ছেড়ে দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না স্প্যানিশ ক্লাবটি।

ইএসপিএনের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে ভিনিসিয়ুসের সিদ্ধান্তের ওপর। রিয়ালের ধারণা, তিনি হয় নতুন চুক্তিতে সই করবেন, নয়তো অন্য ক্লাবের পথ বেছে নেবেন। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার ভ্যালদেবেবাসে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার। তবে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

রিয়ালের কর্মকর্তা ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে নতুন কোনো বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে টানাপোড়েন চলছে। গত মৌসুমেই জানা গিয়েছিল, বিশ্বকাপের আগে চুক্তি নবায়নে কোনো তাড়াহুড়ো করতে চাননি ভিনিসিয়ুস।

এদিকে ভিনিসিয়ুস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে ভেড়ানোর দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এখনও পর্যন্ত আর্সেনালের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবে সম্ভাব্য এই ট্রান্সফারের আর্থিক দিক নিয়ে লন্ডনের ক্লাবটি কাজ করছে বলে আগেই জানিয়েছিল ইএসপিএন।

২০১৮ সালে কিশোর বয়সে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়ুস। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারের ভোটে রানার্সআপও হয়েছিলেন তিনি। তবে গত মৌসুমে তৎকালীন কোচ জাবি আলোনসোর অধীনে অসন্তুষ্ট ছিলেন বলে জানা যায়, বিশেষত সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোয় বদলি হওয়ার পর তার প্রকাশ্য অসন্তোষ আলোচনার জন্ম দেয়। টানা দুই মৌসুমে বড় শিরোপা জিততে না পারায় ক্লাবের পরিবেশও কিছুটা চাপের মুখে রয়েছে।

এরই মধ্যে দল পুনর্গঠনে সক্রিয় রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে, উইঙ্গার ইয়ান ডিওমান্দের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে টানার ব্যাপারেও আশাবাদী। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে শনিবার অস্ট্রিয়ায় ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, যেখানে নতুন দুই খেলোয়াড় ডেনজেল ডামফ্রিস ও কার্লোস এস্পিও স্কোয়াডে জায়গা পেয়েছেন।